প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলার পর পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক

- প্রকাশের সময় : ০৫:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 6

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া স্লোগানকে হাদিসের সাথে তুলনা করে বিতর্কিত মন্তব্যের পর দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে।
তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএর নির্বাহী পরিচালক (সচিব) হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
তবে প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব থেকে সরানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে, গত ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন মসিউর রহমান।
অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সাথে তুলনা করেন।
এ সময় তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্লোগানটি দিয়েছেন, সেটিকে আমি হাদিস বললে অনেকে হয়তো মনে করবেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য তাকে তেল মারছি। কিন্তু আমি বলব, এটি একটি শাশ্বত বাণী।’
তিনি আরো বলেন, ‘যাদের মধ্যে দেশপ্রেম নাই, তারা এটা অস্বীকার করতে পারেন। হুজুররা এই স্লোগান দিলে এত দিনে হাদিস হয়ে যেত।’
একপর্যায়ে প্রধানমন্ত্রীর দাড়ি ও টুপি না থাকার প্রসঙ্গ টেনেও মন্তব্য করেন তিনি।
মসিউর রহমানের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক স্লোগানকে হাদিসের সাথে তুলনা করার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ইউএনবি
























