গুরুত্বপূর্ণ সংবাদ:
সিঁড়িতে পড়ে ছিল টিফিন বাটি, দুই মাস ধরে নিখোঁজ তরুণ আকাশ

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৩:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 15

কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশে নিচে নেমেছিলেন ১৮ বছর বয়সী তরুণ আকাশ মণ্ডল। কিছুক্ষণ পর চাচা নিচে নেমে দেখতে পান সিঁড়ির ওপর পড়ে আছে আকাশের টিফিন বাটি, কিন্তু আকাশের কোনো হদিস নেই। রহস্যজনক এই ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি তাঁর। এদিকে একমাত্র নাতির নিখোঁজ হওয়ার শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দাদা মোজাহার মণ্ডল। সন্তানকে ফিরে পেতে পথ চেয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছে অসহায় পরিবারটি।
আকাশ মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধুনচি গ্রামের আইয়ুব আলী মণ্ডলের ছেলে। তিনি রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট সংলগ্ন নজরুল মার্কেটের চারতলায় একটি কোট-প্যান্টের কারখানায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাত ৯টার দিকে কাজ শেষ করে কারখানা থেকে নিচে নামেন আকাশ। এর পরপরই তাঁর চাচা তৈয়ব আলী মণ্ডল সাইকেল নিয়ে নামার সময় সিঁড়িতে আকাশের ব্যবহৃত টিফিন বাটিটি পড়ে থাকতে দেখেন। আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি বাড়ি চলে যান। বাড়ি ফিরে দেখেন আকাশ সেখানেও ফেরেননি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে পরদিন ২৩ আগস্ট রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা আইয়ুব আলী মণ্ডল।
আকাশের চাচা তৈয়ব আলী মণ্ডল বলেন, “কাজ শেষ করে আকাশ আগে নামে, আমি একটু পরে নামি। নিচে নেমেই দেখি সিঁড়ির ওপর ওর টিফিন বাটিটি পড়ে আছে। এরপর থেকেই আকাশ নিখোঁজ। কোথাও ওর কোনো খোঁজ পাচ্ছি না আমরা।”
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে পরিবারের সঙ্গে কোনো কারণে অভিমান করে চলে গেছে। তাঁর সঙ্গে কোনো মোবাইল ফোন না থাকায় অবস্থান শনাক্ত করা কঠিন হচ্ছে, তবে পুলিশ তাঁর সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।
Tag :




















