সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ

- প্রকাশের সময় : ০৮:৪৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 16

সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে প্রবেশ ও অবস্থানের সময় কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তাব্যবস্থা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে তাঁদের প্রবেশ কার্ড (আইডি কার্ড) দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সচিবালয়ে স্থায়ী, অস্থায়ী, সভায় অংশ নিতে আসা এবং ওটিপির মাধ্যমে অনেক দর্শনার্থী প্রবেশ করেন। বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে পরিচয়পত্র প্রদর্শন করা একান্ত প্রয়োজন।
এতে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ ও অবস্থানকালে সার্বক্ষণিক দৃশ্যমান স্থানে পরিচয়পত্র রাখার বিষয়ে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগে প্রয়োজনীয় নির্দেশনা দিতে অনুরোধ জানানো হয়েছে।























