গুরুত্বপূর্ণ সংবাদ:
দফাদার ও মহল্লাদারের পদবি পরিবর্তন, নতুন নাম দিল সরকার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ১০:৪৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 10

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর প্রচলিত দুটি পদবিতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে ‘দফাদার’ পদবির পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ পদবির পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ পদবি ব্যবহার করা হবে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫’ সংশোধন করা হয়েছে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, মূল বিধিমালার সর্বত্র ব্যবহৃত ‘দফাদার’ শব্দের জায়গায় ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের জায়গায় ‘গ্রাম পুলিশ’ শব্দ প্রতিস্থাপন করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারির ফলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পুরনো পদবি দুটি আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত হলো।
Tag :
























