গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

এ কে আজাদ, রাজবাড়ী:
- প্রকাশের সময় : ০৫:৫২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 26

বাংলা সাহিত্যের প্রখ্যাত মনীষী ও বিশিষ্ট সাহিত্যিক মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় আলোচনা সভা, প্রতিযোগিতা, সম্মাননা স্মারক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের উদ্যোগে পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম সোহরাব।
অনুষ্ঠানে বক্তারা সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর জীবন, কর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অনন্য অবদানের নানা দিক আলোকপাত করেন। আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রিঙ্কু এবং শামসুল আলম আকুল। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্যিক, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী ১৮৮৮ সালে পাংশা উপজেলার মাগুরাডাঙ্গি গ্রামের এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন বিখ্যাত সাহিত্য পত্রিকা ‘কোহিনূর’-এর সম্পাদক ছিলেন। তাঁর উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে রয়েছে ‘মানব মুকুট’, ‘শান্তিধারা’, ‘ধর্মের কাহিনী’ ও ‘নূরনবী’। ১৯৪০ সালের ১৫ ডিসেম্বর এই কীর্তিমান সাহিত্যিক মৃত্যুবরণ করেন এবং নিজ গ্রাম মাগুরাডাঙ্গির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
Tag :
























