গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর রতনদিয়া বাজারে সুদের রমরমা কারবার, বাড়ছে উদ্বেগ

ইমরান খান
- প্রকাশের সময় : ০৫:৫৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 17

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে স্বর্ণালংকার বন্ধক রেখে চড়া সুদে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। স্থানীয় কতিপয় স্বর্ণ ব্যবসায়ীর এমন দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ গ্রাহকরা। চড়া সুদে ঋণ নেওয়ার পর আসল-সুদ পরিশোধ করেও বন্ধকি গহনা ফেরত পেতে হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন অনেকে, যা নিয়ে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, পারিবারিক জরুরি প্রয়োজনে কিংবা চিকিৎসা ও পড়াশোনার খরচ জোগাতে বাধ্য হয়ে তারা স্বর্ণের গহনা বন্ধক রেখে নগদ অর্থ নেন। শুরুতে সহজ শর্তের প্রলোভন দেখালেও পরবর্তীতে সুদের হিসাব ও অর্থ পরিশোধের ক্ষেত্রে নানা জটিল শর্ত জুড়ে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আসল ও সুদ পরিশোধের পরও গহনা ফেরত দিতে অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। এছাড়া বন্ধক রাখা অলংকারের ওজন, মান ও খাঁটিত্ব নিয়েও বিরোধের সৃষ্টি করা হয়। এতে সাময়িক সংকট কাটাতে গিয়ে নিঃস্ব হওয়ার উপক্রম হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর।
স্থানীয় সচেতন মহলের মতে, এই অনিয়ন্ত্রিত সুদের জালে জড়িয়ে অনেক পরিবার দীর্ঘমেয়াদি আর্থিক ক্ষতির মুখে পড়ছে এবং ঋণ মেটাতে গিয়ে নতুন করে ঋণগ্রস্ত হয়ে পড়ছে। রতনদিয়া বাজারের এই অননুমোদিত সুদের কারবার বন্ধে এবং সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রেজাউল করিম জানান, সুদের কারবার বা বন্ধকি লেনদেন নিয়ে সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(রতনদিয়া বাজারে স্বর্ণ বন্ধকে সুদের অবৈধ কারবারের নেপথ্য কারিগরদের পরিচয় ও বিস্তারিত তথ্য-প্রমাণ নিয়ে থাকছে পরবর্তী প্রতিবেদন।)
Tag :























