গুরুত্বপূর্ণ সংবাদ:
এলপিজির সাথে বাড়ল অটোগ্যাসের দামও, কার্যকর রাতেই

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 13

ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) পাশাপাশি বাড়ানো হয়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও। নভেম্বর মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ হাজার ৬০ টাকা।
সোমবার রাতে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করা হয়, যা রাত ৮টা থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে কাঁচামাল প্রোপেন ও বিউটেনের চুক্তিমূল্য (সৌদি সিপি) বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি কেজি বেসরকারি এলপিজির দাম দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সা।
বিইআরসি আরও জানায়, সৌদি আরামকোর গড় সিপি প্রতি টন ৭৫৯ মার্কিন ডলার, জাহাজভাড়া ও ট্রেডার্স প্রিমিয়াম বাবদ ২৫০ ডলার এবং ডলারের বিনিময় হার ১২৩ টাকা ৪৬ পয়সা বিবেচনায় নিয়ে এ দর পুনর্নির্ধারণ করা হয়েছে।
এদিকে সরকারি এলপি গ্যাস পিএলসির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা তরল এলপিজির প্রতি কেজি ১৬৫ টাকা ৮৫ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি ঘনমিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬৮ টাকা ৫০ পয়সা।
Tag :























