গুরুত্বপূর্ণ সংবাদ:
ডিসেম্বরে নতুন মজুরি কাঠামো কার্যকর, জানুয়ারির বেতনেই পাবেন পোশাক শ্রমিকরা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০২:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 10

আগামী জানুয়ারির বেতনের সঙ্গেই নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত মজুরি পাবেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা। ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে কার্যকর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
সভার সিদ্ধান্ত জানিয়ে বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, “ডিসেম্বর থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকর ধরা হবে এবং শ্রমিকরা আগামী জানুয়ারি মাস থেকে নতুন হারে বর্ধিত বেতন পাবেন।”
মালিকপক্ষের প্রতিনিধি ও তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর পরিচালক এ বি এম সামছুদ্দিন একই তথ্য নিশ্চিত করে জানান, ডিসেম্বরের মধ্যে মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে এবং জানুয়ারিতে সংশোধিত মজুরি অনুযায়ী বেতন পরিশোধ করা হবে। তবে বিভিন্ন গ্রেডে মজুরির পরিমাণ কত হবে, তা নির্ধারণে ধারাবাহিক আলোচনার মাধ্যমে সুপারিশ চূড়ান্ত করা হবে।
বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারণ করা হয়েছিল। তবে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির কারণে শ্রমিকরা সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন।
শ্রম আইন অনুযায়ী প্রতি তিন বছর পরপর নিম্নতম মজুরি পুনর্বিবেচনার বিধান থাকায় সরকার গত ১ নভেম্বর সৈয়দ আজাদ সুবহানীকে চেয়ারম্যান করে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। বোর্ডের দ্রুত পদক্ষেপে জানুয়ারি থেকেই লাখ লাখ তৈরি পোশাক শ্রমিকের নতুন হারে বেতন পাওয়ার পথ সুগম হলো।
Tag :

























