গুরুত্বপূর্ণ সংবাদ:
কুমিল্লায় ডোবা থেকে নিখোঁজ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০১:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 14

কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর আদনান আলতাফ নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি ডোবা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আদনান আলতাফ ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বুনপাড়া এলাকার আলতাফ হোসাইন রাথারের ছেলে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও কলেজ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে আদনান ক্যাম্পাস থেকে বের হয়ে কাছের একটি ইন্ডিয়ান খাবারের হোটেলে যান। এরপর রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি প্রচারের পাশাপাশি বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছিলেন। সে কারণে তাঁর ক্যাম্পাসের হোস্টেলে মাকে সঙ্গে রাখার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। সেখান থেকেই সোমবার রাতে তিনি নিখোঁজ হন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, নিখোঁজের অভিযোগ পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। বুধবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মহাসড়ক সংলগ্ন ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
Tag :























