গুরুত্বপূর্ণ সংবাদ:
গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, সাংবাদিক ও বিজিবি সদস্যসহ আহত একাধিক

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৪:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 14

মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের মধ্যে পুলিশের তিনটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছোড়া ইটপাটকেল ও হামলায় এক বিজিবি সদস্য এবং দুই গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি অবনতি হওয়ায় সংলগ্ন এলাকার দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। বেলা ১১টার দিকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালালে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।
এরপর দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ব্যাপক তাণ্ডব চালান বিক্ষোভকারীরা। একপর্যায়ে তারা পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।
পেশাগত দায়িত্ব পালনকালে নাওজোর এলাকায় আন্দোলনকারীদের হামলার শিকার হন গণমাধ্যমকর্মীরাও। ঘটনাস্থলে তথ্য ও ফুটেজ সংগ্রহ করতে গেলে সময় টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করা হয়। একই ঘটনায় এসএ টিভির এক ক্যামেরাপারসন পায়ে গুরুতর আঘাত পান। আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ যৌথভাবে মাঠে কাজ করছে।
Tag :





















