গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০১:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 13

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির ব্যারাকে নিজের নামে ইস্যু করা সরকারি সার্ভিস পিস্তলের গুলিতে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে এক পুলিশ উপপরিদর্শক (এসআই) প্রাণ হারিয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফাঁড়ির নিজ কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন তালুকদার সশস্ত্র উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন (বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১)। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে দায়িত্ব পালনকালে ফাঁড়ির নিজ কক্ষে নিজের সরকারি পিস্তল দিয়ে তিনি গুলি চালান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি এমন চরম পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পরপরই পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম জানান, ওই পুলিশ সদস্য নিজের নামে ইস্যুকৃত অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে; তারা এলে কথা বলে পারিবারিক বিরোধ বা অন্য কোনো মানসিক চাপের কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Tag :






















