কাবিননামায় আগের বিয়ে-সন্তানের তথ্য অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের রুল
- প্রকাশের সময় : ০৪:৫১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 8
বিয়েতে তথ্য গোপন ও প্রতারণা ঠেকাতে কাবিননামায় বর-কনের আগের ও বিদ্যমান বিয়ে, সন্তান এবং সরকারি পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্ত করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে কাবিননামার বর্তমান ফরমে এসব তথ্য অন্তর্ভুক্ত না করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং নাগরিকদের পারিবারিক ও আইনগত অধিকার সুরক্ষায় কাবিননামার ফরম সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও তানজিলা রহমান।
রিট আবেদনে বলা হয়, বর্তমানে ব্যবহৃত বাংলাদেশ ফরম নম্বর-১৬০১ বা ‘ফরম ঘ’ অনুযায়ী কাবিননামায় বর ও কনের আগের বা বিদ্যমান বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রী, বিয়ে ও তালাকের ইতিহাস, সন্তান এবং সেসব সম্পর্ক থেকে উদ্ভূত ভরণপোষণ, অভিভাবকত্ব বা অন্যান্য আইনগত দায়দায়িত্বের পূর্ণাঙ্গ তথ্য উল্লেখ ও যাচাইয়ের কার্যকর ব্যবস্থা নেই।
আবেদনে আরও বলা হয়, বর্তমান ফরমে বরের বিদ্যমান স্ত্রী ও সালিশি পরিষদের অনুমতি সংক্রান্ত কিছু তথ্য চাওয়া হলেও আগের সব বিয়ে, তালাক, সাবেক স্ত্রী ও সন্তানদের তথ্য দেওয়ার বাধ্যবাধকতা নেই। একইভাবে কনের পূর্ববর্তী বৈবাহিক ইতিহাস যাচাইয়েরও সমতাভিত্তিক কোনো ব্যবস্থা রাখা হয়নি।
এর ফলে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে নতুন বিয়েতে আবদ্ধ হওয়ার সুযোগ তৈরি হচ্ছে, যা প্রতারণা, পারিবারিক বিরোধ ও আইনি জটিলতার জন্ম দিচ্ছে। একইসঙ্গে, বিয়ের সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি পূর্ণাঙ্গ তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং বিদ্যমান স্বামী-স্ত্রী ও সন্তানদের আইনগত অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
রিটে কাবিননামা সংশোধন করে বর-কনে উভয়ের আগের ও বিদ্যমান সব বিয়ের তথ্য, ওই বিয়েগুলো থেকে জন্ম নেওয়া সন্তানদের তথ্য, চলমান ভরণপোষণ ও অভিভাবকত্ব সংক্রান্ত দায় এবং জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন বা পাসপোর্ট নম্বর অন্তর্ভুক্ত ও যাচাইযোগ্য করার নির্দেশনা চাওয়া হয়।





















