নওগাঁয় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

- প্রকাশের সময় : ০৫:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 14

নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৩টি ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ ১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ও রাতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব, পিএসসির সরাসরি নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৭/৯-আর থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাদ্বিগুন বাজারের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ২১টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ ১ হাজার ২০০ টাকাসহ মো. রিফাত (২২) নামের এক যুবককে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার দক্ষিণ খণ্ডা গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৪/৪-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া স্কুলের পশ্চিম পাশে একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় ২২টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মো. রুবেল হোসেন (৩৩) নামের আরেক যুবককে আটক করা হয়। তিনি পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামের বাসিন্দা।
আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর জব্দ করা মালামালসহ তাঁদের পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।























