শাকিবের সঙ্গে জুটি হওয়ার গুঞ্জন, কে এই পাকিস্তানি অভিনেত্রী?

- প্রকাশের সময় : ০৭:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 5

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। সিনেমাটিতে শাকিবের বিপরীতে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেতে পারে সিনেমাটি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
শাকিবের সম্ভাব্য এই নায়িকা কিনজা হাশমি পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন এই অভিনেত্রী। এর আগে টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি মাত্র ১৭ বছর বয়সে মডেলিং ও রেডিও জকির সঙ্গেও যুক্ত হন।

কিনজার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য আসে ২০১৮ সালে প্রচারিত ‘ইশক তামাশা’ ধারাবাহিকের মাধ্যমে। এতে রুশনা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। নেতিবাচক ঘরানার চরিত্রে অভিনয়ের জন্য হুম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়নও পেয়েছিলেন।
এরপর একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন কিনজা। তাঁর অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘গুল-ও-গুলজার’, ‘দিওয়ার-ই-শাব’, ‘সংসার’, ‘মোহাব্বত তুম সে নাফরাত হ্যায়’, ‘ফারায়েব’, ‘দলদল’, ‘সিরাত’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’ ও ‘হুক’। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।

পাকিস্তানের লাহোরে বেড়ে ওঠা কিনজা পারিবারিকভাবে বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত না থাকলেও নিজের আগ্রহ ও পরিশ্রমের মাধ্যমে অভিনয়জগতে জায়গা করে নিয়েছেন। টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কাট্টার করাচি’ ও ‘শারোজ’।
শাকিব খানের সঙ্গে ‘মহব্বত’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন সত্যি হলে বাংলাদেশের চলচ্চিত্রে নতুন অভিজ্ঞতা হতে পারে কিনজার। তবে তাঁর অভিনয়ের বিষয়টি এখনো নিশ্চিত নয়। শেষ পর্যন্ত এই পাকিস্তানি অভিনেত্রী শাকিবের নায়িকা হচ্ছেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।






















