উপজেলার বাইরে নিয়ে বিক্রির চেষ্টা, ভেজাল প্রমাণিত হওয়ায় সার ধ্বংস
কালীগঞ্জে ৪০ বস্তা সার জব্দ, দুজনকে ২৫ হাজার টাকা জরিমানা

- প্রকাশের সময় : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 17

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার বাইরে নিয়ে বিক্রির চেষ্টাকালে ৪০ বস্তা টিএসপি সারসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বর চাঁদা বাজারে এ অভিযান চালানো হয়। অভিযোগ রয়েছে, বাজার থেকে ৪০ বস্তা টিএসপি সার উপজেলার বাইরে নিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। এ সময় পিকআপ ভ্যানসহ দুজনকে আটক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম রনি, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রসিকিউশন দাখিল করেন এবং ৪০ বস্তা সার জব্দ করা হয়।
পরবর্তী সময়ে জব্দ করা সার ভেজাল প্রমাণিত হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কালীগঞ্জ থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।























