আওয়ামী লীগের ভয়ে গোপালগঞ্জে জনসভা করতে ভয় পায় জামায়াত: রাশেদ খাঁন

- প্রকাশের সময় : ০৮:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 11

আওয়ামী লীগের ভয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জে জনসভা করতে সাহস পায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াতের নেতারা দাবি করেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। অথচ আওয়ামী লীগের ভয়ে গোপালগঞ্জে পথসভা করতে না পারলে তাঁদের সেই দাবির যৌক্তিকতা কোথায়?
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের কালেক্টরেট জামে মসজিদে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, জামায়াতের নীতি-নৈতিকতা থাকলে গোপালগঞ্জে একটি পথসভা করে নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত। সেখানে পথসভা না করার মধ্য দিয়ে বোঝা যায়, জামায়াত এখনো আওয়ামী লীগকে ভয় পায়।
শনিবারের কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে কোনো সাড়া নেই দাবি করে তিনি বলেন, ওই কর্মসূচিতে সাধারণ মানুষ অংশ নেবে না। খুলনা বিভাগের মানুষ আগামীকাল জামায়াতকে লাল কার্ড দেখাবে। অন্যান্য বিভাগের তুলনায় খুলনায় ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ সবচেয়ে দুর্বল হবে বলেও দাবি করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের কথিত গোপন বৈঠকের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, ওই বৈঠকের তথ্য রাষ্ট্রের কাছে রয়েছে। জামায়াত ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে এখন থেকেই ভারতের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের চেষ্টা শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় গোপালগঞ্জে এনসিপির আগের কর্মসূচির প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, ‘এনসিপির নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। তারা গোপালগঞ্জে লংমার্চ ও পথসভা করেছিল। যদিও সেখানে তারা কর্মসূচি ভালোভাবে পালন করতে পারেনি। পরবর্তী সময়ে সেনাবাহিনীর নিরাপত্তায় তাদের ঢাকায় ফিরতে হয়েছে।’
এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















