গোয়ালন্দে যুবককে কুপিয়ে হত্যা
- প্রকাশের সময় : ০৬:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 84
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার সকালে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি অফিসের সামনের পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইমানখান পাড়া গ্রামের মৃত সাহাজউদ্দিন বেপারীর ছেলে। নিহত নিহত নজরুল দুই মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, নজরুল দৌলতদিয়া যৌনপল্লীতে পান, সিগারেট বিক্রির দোকান করেন। রোববার রাত ১০টার দিকে সে বাড়ি থেকে দোকানে যায়। সকাল ৬টার দিকে পরিবারের লোকেরা জানতে পারেন মুক্তি মহিলার পুকুর পাড়ে নজরুলের কোপানো রক্তাক্ত মরদেহ পড়ে আছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়েছে। নজরুলের শরীরে বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন রয়েছে। তাদের ধারণা রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত যেকোনো সময় এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নজরুলের বিরুদ্ধে একটি মাদক ও একটি জুয়া মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

























