কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা
- প্রকাশের সময় : ০৭:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 3
রাজবাড়ীর কালুখালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুল কবির কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মদাপুর বাজারসংলগ্ন এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণ ও কর্মী-সমর্থকদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দল-মত নির্বিশেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, কর্মী-সমর্থকসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুল কবির কুন্নু।
এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন, মদাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন খাজা, মদাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জুলুসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা বক্তব্য দেন।
বক্তারা ওবায়দুল কবির কুন্নুর সততা, দূরদর্শী নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে তার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা বলেন, কুন্নু সবসময় এলাকার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুল কবির কুন্নু উপস্থিত সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, “আমার মূল লক্ষ্য ৫ নম্বর মদাপুর ইউনিয়নকে বৈষম্যহীন, সুশাসিত ও আধুনিক রোল মডেল হিসেবে গড়ে তোলা। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নত সড়ক যোগাযোগ, মানসম্মত শিক্ষা, সামাজিক শান্তি-শৃঙ্খলা এবং যুবসমাজের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আমি আত্মনিয়োগ করতে চাই।”
তিনি আরও বলেন, “আমার রাজনীতি কোনো ব্যক্তিগত অর্জনের জন্য নয়। মদাপুরের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল ব্রত। জনগণের ভালোবাসা ও সমর্থনকে পাথেয় করে এই ইউনিয়নকে একটি দৃষ্টান্তমূলক ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই আমার স্বপ্ন।”
সভা শেষে ওবায়দুল কবির কুন্নুর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালানোর অঙ্গীকার করেন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা।
এ সময় উপজেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।























