মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে, বালুবাহী ট্রাকের ধুলায় অতিষ্ঠ জনজীবন

- প্রকাশের সময় : ০৩:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 16
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বাজারের প্রধান সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। অন্যদিকে, বালুবাহী ট্রাক চলাচলে সৃষ্ট ধুলায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে এবং স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই সড়ক দিয়ে বেপরোয়াভাবে চলাচল করছে বালুবাহী বড় বড় ট্রাক। এসব ট্রাক থেকে বালু পড়ে সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে। পাশাপাশি ট্রাক চলাচলের সময় প্রচুর ধুলা উড়ছে, যা পুরো বাজার এলাকায় ছড়িয়ে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, ধুলাবালুর কারণে শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট, সর্দি-কাশিসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। ধুলায় দোকানপাটের পণ্য ও আসবাবপত্র ঢেকে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরাও। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙনের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কার এবং বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন মৃগী বাজার এলাকার ভুক্তভোগী বাসিন্দারা।



















