মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩

- প্রকাশের সময় : ০৯:৪৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 3
নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, চোলাই মদ তৈরির উপাদান, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা কিশোর গ্যাং ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মান্দা উপজেলার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এ অভিযান চালানো হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন চকউলী গ্রামের মো. ইসলাম বাবু (২১) ও মো. শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মো. আরিফ হোসেন (২৩)। ইসলাম বাবু ও শাওন একই পরিবারের সদস্য। তাঁদের বাবার নাম মৃত আশরাফুল ইসলাম এবং মায়ের নাম সাথী বেওয়া। আরিফ হোসেনের বাবার নাম মো. মঞ্জুর আহমেদ ও মায়ের নাম জোসনা খাতুন। তাঁদের সবার বাড়ি মান্দা উপজেলায়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের হেফাজত থেকে ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের দেহ তল্লাশি করে দুটি লম্বা বার্মিজ চাকু ও মাদক বিক্রির ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাটির গর্তে লুকানো অবস্থায় একটি ডাবল-ব্লেড টমাহক কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে নওগাঁ জেলা পুলিশ।






















