এনসিপি এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’: রাশেদ খান

- প্রকাশের সময় : ০৮:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 2
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটি গঠন নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। কোনো ধরনের কাউন্সিল ছাড়াই কমিটি গঠন, দলটির সাংগঠনিক দুর্বলতা এবং জামায়াতের প্রভাব নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেছেন, এনসিপি এখন কার্যত জামায়াতের যুব শাখা হিসেবে আবির্ভূত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন রাশেদ খান।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, অনেক আশা জাগিয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখানো এনসিপির কোনো ধরনের কাউন্সিল ছাড়াই নতুন কমিটি হয়েছে। যারা সারাক্ষণ গণতন্ত্রের কথা বলে এবং বিএনপির রাজনীতি নিয়ে প্রশ্ন তোলে, তারা একটি কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করতে পারেনি। তাঁর মতে, এর মধ্য দিয়ে দলটির সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্ব কুক্ষিগত করার প্রবণতা প্রকাশ পেয়েছে।
রাশেদ খানের দাবি, তাঁর কাছে আসা তথ্য অনুযায়ী, জামায়াতের অনুমোদনেই এনসিপির নতুন কমিটি গঠন করা হয়েছে। জামায়াত যাঁদের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায়নি, তাঁদের কমিটিতে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বিশেষ করে এনসিপির মধ্যে যাঁরা স্বতন্ত্র রাজনীতির পক্ষে কিংবা জামায়াতবিরোধী, তাঁদের পদাবনতি হয়েছে বলে দাবি করেন তিনি।
নতুন কমিটিতে শীর্ষ পদে থাকা ব্যক্তিদের নিয়েও সমালোচনা করেন রাশেদ খান। তাঁর অভিযোগ, চুরি, নারী ও আর্থিক কেলেঙ্কারি এবং জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এসব অভিযোগের বিষয়ে তিনি স্ট্যাটাসে কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ উল্লেখ করেননি।
এনসিপির নতুন কমিটি নিয়ে বঞ্চিতদের অভিযোগের কথা তুলে ধরে রাশেদ খান লেখেন, দলটি জামায়াতের যুব শাখা হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি আরও বলেন, এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী, কেউ দুইবারের বেশি সভাপতি বা সাধারণ সম্পাদক হতে পারবেন না। এ প্রসঙ্গে নাহিদ ইসলাম ও আখতার হোসেনের বর্তমান মেয়াদই শেষ মেয়াদ কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
রাশেদ খানের ভাষ্য, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে এনসিপি নতুন ধারার রাজনীতি উপহার দিতে পারলে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সৃষ্ট রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য দলটি সবার প্রশংসা পেত। কিন্তু নতুন কমিটির কাঠামো দেখে তাঁর মনে হয়েছে, কিছু আসন ও আসনপ্রতি নির্বাচনী খরচের বিনিময়ে দলটি জামায়াতের কাছে বিক্রি হয়ে গেছে।
স্ট্যাটাসের শেষাংশে এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে রাশেদ খান বলেন, দলটির আর স্বতন্ত্র রাজনীতি করার ন্যূনতম সুযোগ অবশিষ্ট নেই। তাঁর মতে, এনসিপিকে এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’ বললেও ভুল হবে না।























