উপস্থিত বুদ্ধিতে অপহরণকারীদের কবল থেকে রক্ষা পেলেন সবুজ
- প্রকাশের সময় : ০৬:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / 187
উপস্থিত বুদ্ধিতে জীবনের ঝুঁকি নিয়ে অপহরণকারীদের কবল থেকে রক্ষা পেলেন সবুজ আলী। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুর্গম এলাকা চর মাহিদাপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সবুজ পাবনা জেলার সাথিয়া উপজেলার বড়সোনাতোলা গ্রামের মাদু ব্যাপারীর ছেলে। গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আইনুদ্দিন ব্যাপারীর ছেলে লুৎফর ব্যাপারী, মাস্টার পাড়া গ্রামের সামচু মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৯) ও ঝিনাইদহ জেলার নারায়ণপুর গ্রামের জালাল বিশ^াসের ছেলে নাজমুল হোসেন (৩০)। এসময় তাদের বহনকারী একটি অটোরিক্সা জব্দ করা হয়। ঘটনার সাথে জড়িত একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. ফারুক জানান, সবুজ আলী ব্যবসার জন্য রোববার গোয়ালন্দ এলে চারজন তাকে অপহরণ করে দৌলতদিয়া এলাকার একটি কক্ষে আটকে রাখে। তার কাছে দ্ইু লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সবুজ অপহরণকারীদের জানায় সে গরীব মানুষ। অত টাকা তার কাছে নেই। সবুজের কাছে থাকা ১১ হাজার ৩শ টাকা অপহরণকারীদের দিয়ে ছেড়ে দিতে বলে। কিন্তু অপহরণকারীরা তাকে ছাড়েনি। সবুজকে বেদম মারধর করে আটকে রাখা হয়। দীর্ঘ সময় পার হওয়ার পর টাকা না পেয়ে একটি অটোরিক্সায় করে সবুজকে হত্যার উদ্দেশ্যে চর মাহিদাপুরের দিকে নিয়ে যাচ্ছিল। চরটি খুবই দুর্গম। সেখানে একটি চায়ের দোকান আছে। ওই দোকানের কাছ দিয়ে অটোরিক্সাটি যাওয়ার সময় সবুজ লাফ দিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। তখন ওই দোকানে থাকা লোকজন এগিয়ে এসে তিনজনকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবুজকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ টাকা ও অটোরিক্সাটি জব্দ করেছে। এব্যাপারে মামলা দায়েরের পর সোমবার গ্রেপ্তার তিনজনকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।


























