পাংশায় হত্যা মামলার বাদীর পরিবারকে হুমকির অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবি
- প্রকাশের সময় : ০২:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / 61
রাজবাড়ীর পাংশা উপজেলায় মো. জামিন বিশ্বাস হত্যা মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের আসামিপক্ষের লোকজন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মাজাইল বাজারসংলগ্ন নিহতের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহতের ছেলে ও মামলার বাদী রিপন বিশ্বাস। এ সময় মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে রিপন বিশ্বাস বলেন, “আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আমি রাতের বেলায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। আসামিপক্ষ বিভিন্ন লোকের মাধ্যমে মামলা তুলে নেওয়া ও আপস-মীমাংসার জন্য আমাকে এবং আমার পরিবারের সদস্যদের নিয়মিত হুমকি দিচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা।
উল্লেখ্য, গত ২১ জুন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামিন বিশ্বাসের মৃত্যু হয়। এর আগে একই দিন সকালে দুই গ্রামের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পাট্টা ইউনিয়নের মাজাইল খালের মধ্যে প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।




















