পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু
- প্রকাশের সময় : ১০:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 25
রাজবাড়ীর পাংশা উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু হয়েছে।
গত ২২ জুলাই শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে স্বর্গীয় হরিপদ কুণ্ডু মহাশয়ের বহির্বাটী প্রাঙ্গণে এ ধর্মীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর থেকে দিন-রাতব্যাপী হরিনাম সংকীর্তন চলছে। এতে বিভিন্ন এলাকা থেকে আগত কীর্তন দল ভক্তিমূলক নামসংকীর্তন পরিবেশন করছে।
অনুষ্ঠানস্থলে ভক্ত-অনুরাগীদের ব্যাপক উপস্থিতিতে সৃষ্টি হয়েছে ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ। হরিনামের ধ্বনি, শঙ্খধ্বনি এবং খোল-করতালের সুরে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। দূর-দূরান্ত থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা নামসংকীর্তনে অংশ নেওয়ার পাশাপাশি প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
স্বর্গীয় হরিপদ কুণ্ডুর জ্যেষ্ঠ পুত্র শ্রী সঞ্জীব কুণ্ডু বলেন, মানবকল্যাণ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বিশ্বশান্তির কামনায় প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে।
আয়োজকরা জানান, আগামী রবিবার (২৬ জুলাই) ভোগরাগ শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। তারা সকল ধর্মপ্রাণ ভক্তকে অনুষ্ঠানে অংশ নিয়ে হরিনাম শ্রবণ এবং মহাপ্রসাদ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ সময় শ্রী সঞ্জীব কুণ্ডু প্রয়াত পাংশা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাঁচবার নির্বাচিত কাউন্সিলর শ্রী গোবিন্দ চন্দ্র কুণ্ডুর আত্মার শান্তি কামনায় সবার কাছে প্রার্থনা করার আহ্বান জানান। তিনি বলেন, ২০২৪ সালের ৮ মার্চ তিনি পরলোকগমন করেন। তার আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করছি।






















