পাংশায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- প্রকাশের সময় : ০৭:৫৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / 25
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী পাংশা মডেল থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করেন, গত মে মাসের শেষ সপ্তাহে উপজেলার কলিমহর ইউনিয়নের নাচনা মুরাদপুর গ্রামে বাড়িতে একা থাকার সুযোগে একই গ্রামের ইকবাল হোসেন (২৩) তার ঘরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। লজ্জা ও নিরাপত্তাজনিত কারণে তিনি তখন বিষয়টি কাউকে জানাননি বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ১ জুন সকালে অভিযুক্ত আবারও তার বাড়িতে গিয়ে তার শিশুপুত্রকে ভয়ভীতি দেখিয়ে পুনরায় ধর্ষণ করেন। এরপর ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় শুক্রবার (৩ জুলাই) পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. শাহারিয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নাচনা মুরাদপুর এলাকা থেকে এজাহারভুক্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।





















