বইমেলায় স্টলের সেরা পুরস্কার পেল রাজবাড়ী সাহিত্য পরিষদ
- প্রকাশের সময় : ০৭:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 258
রাজবাড়ীর একুশে বই মেলায় সেরা স্টলের পুরস্কার পেয়েছে রাজবাড়ী সাহিত্য পরিষদ। একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে সম্প্রতি রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বইমেলা। বইমেলায় ২০টি স্টল অংশগ্রহণ করে।
দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে রাজবাড়ী সাহিত্য পরিষদের সুসজ্জিত স্টল। রঙ, আলোকসজ্জা ও সৃজনশীল উপস্থাপনার সমন্বয়ে স্টলটি হয়ে উঠেছে নান্দনিকতার এক অনন্য দৃষ্টান্ত। প্রবেশমুখে আকর্ষণীয় ব্যানার, দেয়ালজুড়ে স্থানীয় কবি-সাহিত্যিকদের ছবি ও প্রকাশিত গ্রন্থের প্রচ্ছদ প্রদর্শন দর্শকদের দৃষ্টি কাড়ে।
স্টলের ভেতরে বইগুলো বিষয়ভিত্তিকভাবে সাজানো ছিল, যাতে পাঠকরা সহজেই তাঁদের পছন্দের বই খুঁজে নিতে পারেন। নতুন প্রকাশনা, গবেষণাধর্মী গ্রন্থ ও তরুণ লেখকদের বই বিশেষভাবে স্থান পেয়েছে।
আলোকসজ্জায় ব্যবহার করা হয়েছে কোমল আলো, যা স্টলের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। দর্শনার্থীদের বসে বই দেখার জন্য রাখা হয় ছোট পাঠকোণা। আয়োজকদের মতে, পাঠকের সঙ্গে সাহিত্যের সম্পর্ক আরও গভীর করতেই এমন সৃজনশীল উপস্থাপনা।
মেলায় আগত দর্শনার্থীরা স্টলের সাজসজ্জা ও বইয়ের বৈচিত্র্েযর প্রশংসা করেন। অনেকেই বলেন, এই আয়োজন স্থানীয় সাহিত্যচর্চায় নতুন উদ্দীপনা যোগাবে। রাজবাড়ী সাহিত্য পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে।


























