ঝিনাইদহে ১০৪ মোবাইল ফোন ও টাকা উদ্ধার
- প্রকাশের সময় : ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 3
ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে উদ্ধার করা ১০৪টি মোবাইল ফোন এবং ভুলবশত মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে চলে যাওয়া ৫৩ হাজার ৪০৯ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে তুলে দেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং ভুলবশত অন্যের কাছে চলে যাওয়া টাকা উদ্ধার করেন।
হারানো ফোন ও টাকা উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অপরাধের রহস্য উদ্ঘাটনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সাইবার সেল। এর মধ্যে রয়েছে মহেশপুরের আলোচিত ‘নিঝুম অপহরণ’ মামলার রহস্য উদ্ঘাটন, কালীগঞ্জ ও কোটচাঁদপুরে দস্যুতার ঘটনায় অস্ত্র ও ছিনতাই করা মোবাইল ফোনসহ চার আসামিকে গ্রেপ্তার এবং সদর ও কালীগঞ্জ থানা এলাকা থেকে দুই ভুক্তভোগীকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেপ্তার।
এ ছাড়া গাজীপুরের ল্যাভেন্ডার গ্রুপের চেয়ারম্যান এক চীনা নাগরিকের এক কোটি টাকা চুরির ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার ও ৮৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। কোটচাঁদপুরে এক কলেজশিক্ষিকাকে অচেতন করে ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার এবং আলোচিত অর্পিতা হত্যা প্ররোচনা মামলার আসামিদেরও গ্রেপ্তার করেছে সাইবার সেল।
পুলিশ জানায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার ৪০ জনকে দ্রুত সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে নিখোঁজ হওয়া আরও আটজনকে উদ্ধার করা হয়েছে।
অনুষ্ঠানে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মোসফেকুর রহমানসহ সাইবার সেলের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও অপপ্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। এসব প্রতিরোধে নাগরিকদের সচেতনতা জরুরি। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে ঝিনাইদহ জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।























