কোটালীপাড়ায় শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সারভাইভাল প্রোগ্রামের উদ্বোধন

- প্রকাশের সময় : ০৫:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 6

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিশুদের সুরক্ষা, জীবন রক্ষা, নিরাপদ প্রসব, সুস্থ মা এবং শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সারভাইভাল প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (কান্দি) উদ্যোগে প্রকল্প কার্যালয়ের হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কমপ্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করা।
এলসিসির চেয়ারম্যান রেভারেন্ড ডেভিড মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পুতুল সেন, পার্টনারশিপ ফ্যাসিলিটেটর সোফিয়া সুইটি কর্মকার, পিডিএ সমন্বয়কারী সৌরেন্দ্র মণ্ডল এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক রিপন কুন্দা।
বক্তারা বলেন, নিজ নিজ অবস্থান থেকে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, যাতে কোনো শিশু অবহেলা বা স্বাস্থ্যঝুঁকির শিকার না হয় এবং কোনো মাকে প্রসবকালীন ঝুঁকিতে পড়তে না হয়। প্রতিটি শিশুর জীবন নিরাপদ, সুন্দর ও সম্ভাবনাময় করে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে সারভাইভাল প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। পাশাপাশি কর্মসূচিটির সার্বিক সফলতা কামনা করে এর বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হয়।




















