দুর্দান্ত হামজা-ফারহান-শমিত-রাকিব, ২৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বড় জয়

- প্রকাশের সময় : ০৮:০০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 1

নজড়কাড়া পারফরম্যান্সে একে চারবার শ্রীলঙ্কার জালে বল জড়ায় বাংলাদেশ। প্রথমার্ধে দুইবার, দ্বিতীয়ার্ধে দুইবার। এতে গোল উৎসব করে সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের সেরা হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। গত ২৭ বছরের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের সবচেয়ে বড় জয়ের নজিরও স্থাপন করেছে দলটি।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
বুধবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রতিপক্ষকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে টুর্নামেন্টের স্বাগতিকরা। আক্রমণভাগের ক্ষিপ্রতা, মাঝমাঠের নিয়ন্ত্রণ আর রক্ষণভাগের দৃঢ়তায় পুরো ম্যাচেই ছিল তাদের আধিপত্য। একপেশে ও দাপুটে স্কোরলাইনে যা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
এই জয় বাংলাদেশের ফুটবল ইতিহাসেও বিশেষ তাৎপর্য বহন করছে। অন্তত চার গোলের ব্যবধানে তারা শেষবার জিতেছিল ১৯৯৯ সালের এপ্রিলে, ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে। মারগাঁওতে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলেই উড়িয়ে দিয়েছিল তারা। প্রথমার্ধে ইকবাল হোসেন ও আলফাজ আহমেদ লক্ষ্যভেদ করার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন মিজানুর রহমান ডন।
মাঝে নেপালের কাঠমুন্ডুতে ২০১৩ সালের মার্চে এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাইপর্বে নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের বিপক্ষে একই ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে তা ফিফার অফিসিয়াল ম্যাচ ছিল না। কারণ, পূর্ব এশিয়ান ফুটবল ফেডারেশনের (ইএএফএফ) অন্তর্ভুক্ত হলেও মারিয়ানা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সদস্য নয়।
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
শ্রীলঙ্কার বিপক্ষে গ্যালারিভর্তি দর্শকের সামনে মাত্র নবম মিনিটেই বাংলাদেশকে এগিয়ে দেন মিডফিল্ডার শমিত সোম। এরপর প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। ফলে জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নামার স্মরণীয় উপলক্ষটি দারুণভাবে রাঙান তিনি।
বিরতির পরও ধার কমেনি বাংলাদেশের। বরং ৫৩তম মিনিটে অবিশ্বাস্য এক গোলে দেশের ভক্ত-সমর্থকদের উল্লাসে মাতান তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। ব্যক্তিগত নৈপুণ্যে বামপ্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে কাটিয়ে আরও দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জাল কাঁপান তিনি।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে আরেক উইঙ্গার রাকিব হোসেনও যোগ দেন গোলের ভেলায়। ফলে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। পাশাপাশি চলমান আসরের সেমিফাইনালে আগামী শনিবার পাকিস্তানকে মোকাবিলার আগে আত্মবিশ্বাসের পাল্লাও ভারী হয়েছে তাদের।






















