২৪ বছর পর প্রিয় স্কুলে ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

- প্রকাশের সময় : ০৭:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 9

দীর্ঘ ২৪ বছর পর আবারও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় একত্রিত হলেন সহপাঠীরা। তবে এবার তাঁদের হাতে ছিল না বই-খাতা, বরং প্রিয় বিদ্যালয়ের জন্য ছিল ভালোবাসার উপহার—নতুন ফার্নিচার।
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কে. রাজ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে বিদ্যালয়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মিলনমেলায় তাঁরা বিদ্যালয়ের প্রয়োজনীয় কিছু ফার্নিচার উপহার দেন। তাঁদের এ উদ্যোগে ফুটে উঠেছে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা ও শেকড়ের প্রতি গভীর টান।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ আলী খান, অন্যান্য শিক্ষক এবং এসএসসি-২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) কবিরুল হক সাগর, ইকোটেক্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার প্রকৌশলী রবিউল ইসলাম, ব্র্যাক বাংলাদেশের ম্যানেজার ওহিদুজ্জামার শিপন, কার্নিভাল এয়ার টিকেটিং লিমিটেডের চেয়ারম্যান সঞ্জয় কুন্ডু সেতু এবং হাবাসপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফসহ প্রাক্তন ছাত্রীরা।
দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ এবং প্রিয় বিদ্যালয়ের জন্য কিছু করতে পারার আনন্দে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
শিক্ষাজীবন শেষ হলেও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা যে কখনো শেষ হয় না, এসএসসি-২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এ উদ্যোগ যেন তারই এক অনন্য দৃষ্টান্ত।






















