মহাদেবপুরে লটারির মাধ্যমে ১০০ নারী শ্রমিক নিয়োগ

- প্রকাশের সময় : ০৭:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 13

নওগাঁর মহাদেবপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় লটারির মাধ্যমে ১০০ নারী শ্রমিক নিয়োগের জন্য বাছাই করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বচ্ছতার সঙ্গে এ বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প (আরআরএমইপি)’-এর ইউনিয়নভিত্তিক রক্ষণাবেক্ষণ কর্মী পদে এসব নারীকে বাছাই করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফের সার্বিক তত্ত্বাবধানে লটারি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক, সহকারী প্রকৌশলী রাজীব আহমেদ, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল তরফদার, হাতুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবদল নেতা এনামুল হক, খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন, এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসানসহ উপজেলার কর্মরত সাংবাদিক ও নিয়োগপ্রত্যাশীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর উপজেলার ১০টি ইউনিয়নে প্রতিটিতে ১০ জন করে মোট ১০০ জন নারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১০টি ইউনিয়ন থেকে মোট ২৯৪ জন নারী আবেদন করেন। তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০০ জনকে বাছাই করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত নারীরা সপ্তাহে ছয় দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিদিন ছয় ঘণ্টা করে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কাজ করবেন। এ কাজের বিনিময়ে তাঁরা প্রতিদিন ৩০০ টাকা মজুরি পাবেন। এর মধ্যে ১০০ টাকা করে সঞ্চয় হিসেবে ব্যাংকে জমা রাখা হবে। প্রকল্পের মেয়াদ শেষে সঞ্চিত অর্থ এককালীন ফেরত দেওয়া হবে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।























