ইচ্ছে থাকলে উপায় হয়: ৩২ বছরের বিরতি ভেঙে ৫৩ বছর বয়সে শেফালীর এইচএসসি জয়

- প্রকাশের সময় : ০১:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 18

বয়স যে কেবলই একটি সংখ্যা—দৃঢ় মনোবল আর আত্মবিশ্বাসে তা আবারও প্রমাণ করলেন নীলফামারীর ডিমলা উপজেলার কালীগঞ্জ গ্রামের অদম্য নারী শেফালী বেগম। দীর্ঘ ৩২ বছরের বিরতি ভেঙে ৫৩ বছর বয়সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএমটি) পরীক্ষায় জিপিএ–৪.২১ পেয়ে উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ডোমার উপজেলার গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি এই সাফল্য অর্জন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শৈশবেই মাত্র ১১ মাস বয়সে বাবা দবির উদ্দিনকে হারান শেফালী। এরপর ১৯৮৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় মাত্র ১৩ বছর বয়সে তাঁর বিয়ে হয়ে যায়। সংসার, সন্তান ও পারিবারিক টানাপোড়েনে চিরতরে থেমে যায় তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন। তবে মনের ভেতরে শিক্ষার তীব্র ক্ষুধা নিভে যায়নি কখনো। অবশেষে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর ২০২০ সালে তিনি নতুন করে গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে ২০২৩ সালে জিপিএ–৪.২৯ পেয়ে এসএসসি পাস করার পর উচ্চমাধ্যমিকে ভর্তি হয়ে এবার এইচএসসি পাসের গৌরব অর্জন করলেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত শেফালী বেগম বলেন, “স্কুলজীবনে ফলাফল সবসময় ভালো ছিল, কিন্তু পরিস্থিতির কারণে তখন পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে নিজের ছেলেমেয়ে ও ভাগনির পড়াশোনা দেখে সুপ্ত ইচ্ছাটা আবার জেগে ওঠে। এতে স্বামী ও সন্তানদের অকুণ্ঠ উৎসাহ পেয়েছি।” ভবিষ্যতে আইন বিষয়ে স্নাতক (অনার্স) সম্পন্ন করার স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, তাঁর সন্তানেরাও চান মা আরও অনেক দূর এগিয়ে যাক।
শুধু পড়াশোনাতেই নয়, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও তিনি সফল এক ব্যক্তিত্ব। ২০১১ ও ২০২১ সালে পশ্চিম ছাতনাই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য এবং ২০১৫ সালে ডিমলা উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন শেফালী।
শেফালী বেগম ও মকছেদুল আলম দম্পতির তিন সন্তানই উচ্চশিক্ষিত ও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বড় ছেলে আবদুর রাজ্জাক সাংবাদিকতায় যুক্ত, ছোট ছেলে আবদুর রাজ শাফি দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে এবং একমাত্র মেয়ে মাকছুরা খানম রংপুর সরকারি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত।
মায়ের অর্জনে গর্ব প্রকাশ করে বড় ছেলে আবদুর রাজ্জাক বলেন, তাঁরা চান মা এখানেই থেমে না থেকে উচ্চশিক্ষায় আরও এগিয়ে যান। মেয়ে মাকছুরা খানমের মতে, মায়ের এই অর্জন সমাজের পিছিয়ে পড়া ও শিক্ষাবঞ্চিত নারীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। অন্যদিকে স্বামী মকছেদুল আলম বলেন, পরিবারের সুখের জন্য শেফালী নিজের জীবনের অনেক স্বপ্ন বলিদান দিয়েছিলেন; আজ এত বছর পর তিনি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন—এটাই পরিবারের জন্য সবচেয়ে বড় আনন্দ।
গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক আবদুল মান্নান জানান, শেফালী বেগমের এই সাফল্য সমাজে এক ইতিবাচক ও শক্তিশালী বার্তা দিয়েছে। তিনি প্রমাণ করেছেন, তীব্র ইচ্ছাশক্তি ও প্রচেষ্টা থাকলে বয়স কখনোই শিক্ষার পথে প্রতিবন্ধক হতে পারে না।
























