বোঁচাগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

- প্রকাশের সময় : ১২:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 19

দিনাজপুরের বোঁচাগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে বোঁচাগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—নাফানগর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু তাহের (৫৫) এবং একই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোকছেদ আলী (২৯)। আবু তাহের সুলতানপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে এবং মোকছেদ আলী একই গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিয়মিত মামলার অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গভীর রাতে সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর বুধবার (১১ নভেম্বর) সকালে কড়া পুলিশি পাহারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কোন মামলায় বা কী অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
























