নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

- প্রকাশের সময় : ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 1

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।
শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ অভিযোগের কথা জানান তিনি। একই অভিযোগ করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। পেট্রোল বোমা নিক্ষেপের পর বাড়িতে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’
তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়, আওয়ামী লীগের সন্ত্রাসীরা নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনসিপির কুষ্টিয়া জেলা সদস্য সচিব সুলতান মারুফ তালহা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন যোদ্ধা এবং একজন সংসদ সদস্যের গ্রামের বাড়িতে এ ধরনের পেট্রোল বোমা হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। ঘটনাটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
সুলতান মারুফ তালহা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি কুষ্টিয়াসহ সারা দেশে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

























