পাংশায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৪:৪১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 16

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম জায়েদ হোসাইন ওরফে জাহিন (১৯)। তিনি পাংশা উপজেলা ছাত্রলীগের সদস্য এবং উপজেলার কসবামাজাইল এলাকার শেখ মো. জাকারিয়া জাকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পাংশা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় দায়ের করা একটি নাশকতার মামলার (মামলা নং-০৫, তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৫; জিআর নং-১৯৬/২৫) তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাকে এজাহারভুক্ত সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার জাহিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে কঠোর পুলিশি প্রহরায় তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।























