আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি

- প্রকাশের সময় : ০৬:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 13

রাজধানীর একটি আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছেন পোশাকশ্রমিক আলো আক্তার হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এ উপলক্ষে কাশিমপুর কারাগার থেকে কাউসারকে আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় তিনি হাতকড়া পরা অবস্থায় ছিলেন। এ সময় তাকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আরাফাত কাঠগড়ার সামনে থেকে সামান্য দূরে গেলে সেই সুযোগে কাউসার কৌশলে হাতকড়া খুলে আদালত চত্বর থেকে পালিয়ে যান।
এদিন কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক আগামী ২৮ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২০ জুলাই দক্ষিণখানের দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসার বাথরুমে ছুরিকাঘাতে খুন হন পোশাকশ্রমিক আলো আক্তার। পরদিন তাঁর বাবা রবিউল ইসলাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে কাউসারকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেন তিনি।
তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। ২০২২ সালে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এ মামলায় এ পর্যন্ত দুজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
এদিকে কাঠগড়া থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের গাফিলতি খতিয়ে দেখাসহ তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

























