ঢাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণ, আটক ২

- প্রকাশের সময় : ০৯:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 4

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বৃষ্টির মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পাশের মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও জাবির সালেহীন দিপু (২৭)। দিপু বাগেরহাট জেলার যাত্রাপুরের বাসিন্দা। তিনি রাজধানীর কলাবাগানে ভাড়া বাসায় থাকেন। জামিলের বাড়ি পাবনা জেলার করমজায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় টিএসসির মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের পর ঘটনাস্থলে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা কয়েকজনকে ধাওয়া করেন। এ সময় দুজনকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের নেতৃত্বে তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়।
ঘটনার পর বোমা নিষ্ক্রিয়করণ দল টিএসসির পাশের মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা একটি ব্যাগ থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এর আগে রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেদিন টিএসসি, নীলক্ষেত তোরণ, ভিসি চত্বর, জগন্নাথ হল, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের গেট, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের গেটসহ বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে।
ওই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন নাটোরের রেজাউল করিম (৪২), রাজশাহীর সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের নাজমুস সাদ (৩৩)। তাঁদের আটকের পর শাহবাগ থানায় অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিলও করেন।





















