পাসপোর্ট-এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন

- প্রকাশের সময় : ০৫:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 21

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠান (ল ফার্ম) ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ একটি আবেদন জমা দিয়েছে। তবে আবেদনটি যে শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে, তার কোনো সুস্পষ্ট প্রমাণ বা কর্তৃত্বপত্র নেই। ফলে আবেদনটি ত্রুটিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে আবেদন জমা দিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁর আত্মসমর্পণের সুনির্দিষ্ট তারিখ জানানো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। দেশে তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে।

























