পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

- প্রকাশের সময় : ০৮:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 13

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৪) এক সদস্য আহত হয়েছেন।
রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত পল্লবী থানার সংলগ্ন ফ্লাইওভারের ওপর থেকে থানা প্রাঙ্গণ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে থানার প্রধান ফটকের ভেতরে দায়িত্বরত এসআরবি-৪-এর এক সদস্য স্প্লিন্টারের আঘাতে সামান্য আহত হন।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ফ্লাইওভারের ওপর থেকে থানা চত্বরে ককটেল নিক্ষেপ করেছে।
এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
























