গুরুত্বপূর্ণ সংবাদ:
সাভার ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 10

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলজুড়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই এলাকায় অন্তত ৮০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রবিবার সকাল থেকে শুরু হওয়া এই শ্রমিক আন্দোলন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে সাভারের আশুলিয়ায় অর্ধশতাধিক এবং গাজীপুরের কালিয়াকৈরে অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক আন্দোলনের মুখে সাভারের আশুলিয়া এলাকায় অর্ধশতাধিক কারখানায় ছুটি দেওয়া হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট ও নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। তাঁরা সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে আশপাশের কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
বিক্ষোভ চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর একই এলাকায় ট্রপিক্যাল নামের একটি পোশাক কারখানার ঝুটের গুদামে অগ্নিসংযোগ করা হয়। তবে মহাসড়কে শ্রমিকদের অবরোধ থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ট্রপিক্যাল কারখানার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস রওনা হলেও শ্রমিকদের বাধার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যা দেখা দেয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। নিরাপত্তার স্বার্থে গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানা বন্ধ রাখা হয়েছে। বর্তমানে শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Tag :
























