গুরুত্বপূর্ণ সংবাদ:
মিরপুরে বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়িতে আগুন, বন্ধ রাখা হয় মেট্রো স্টেশন

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৩:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 12

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পূরবী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। এর জেরে মিরপুর-১০ মেট্রো স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং আশপাশের সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পল্লবী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রবিবার সকালে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুর-১০ গোলচত্বর ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালেই পুলিশের গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
Tag :




















