গুরুত্বপূর্ণ সংবাদ:
তাহসিফ হত্যা: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 13

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১ নভেম্বর) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন আদালতে আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও উত্তরা এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, নিহত তাহসিফ সাউরি (২৭) গত ২৭ অক্টোবর রাতে উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। পরদিন ২৮ অক্টোবর সন্ধ্যায় উত্তরার সিপি ফাইভ স্টার স্ন্যাকসে সন্দেহভাজন জেরিকা তাসনিম দিশা এবং এ মামলায় রিমান্ডে থাকা অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপসহ (২৩) অন্যরা একসঙ্গে অবস্থান করছিলেন। সিসিটিভি ফুটেজে আসামিদের গতিবিধি ও মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির প্রমাণ পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দিশার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, ঘটনাস্থল নির্ধারণ এবং আসামিদের বক্তব্যের অসঙ্গতি যাচাইয়ের লক্ষ্যে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার একই মামলায় তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠায় আদালত।
উল্লেখ্য, নিখোঁজ হওয়ার পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন তিনি। গত ২৭ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেলিকপ্টারে দেশত্যাগের দৃশ্যটি তাহসিফই ভিডিও করেছিলেন বলে বিভিন্ন মাধ্যমে আলোচনা রয়েছে।
Tag :






















