গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডিবির অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
- প্রকাশের সময় : ০৪:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 10

নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) রাতভর বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মান্দা, সদর ও বদলগাছী থানা এলাকায় এ ধারাবাহিক অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ জানায়, মান্দা থানা এলাকার একটি বাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা মজুদের গোপন সংবাদ পেয়ে রোববার (১ নভেম্বর) ভোররাত ৫টার দিকে রঘুনাথপুর গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে আরিফ হোসেনের (৩০) বসতঘরে তল্লাশি চালানো হয়। স্থানীয়দের উপস্থিতিতে চালানো ওই তল্লাশিতে আরিফের ঘরের একটি স্টিলের ট্রাংক থেকে চারটি করে পোটলায় মোট ২০ কেজি গাঁজা উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তার আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর থানাধীন কুমাইগাড়ী এলাকায় অভিযান চালানো হয়। সেখানে স্থানীয় ফারুক হোসেনের বাড়ির ভাড়াটিয়া মোশাররফের (৩৩) ঘরে তল্লাশি চালিয়ে চৌকির নিচে বাজারের ব্যাগ থেকে আরও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মোশাররফ মহাদেবপুর উপজেলার শেরপুর কুড়ালী পাড়ার মৃত কাশেমের ছেলে।
এরপর মোশাররফের স্বীকারোক্তি অনুযায়ী সকাল ১০টার দিকে বদলগাছী উপজেলার নিহিনপুর গ্রামে অভিযান চালায় ডিবি। সেখানে শহিদুলের ছেলে শিলংয়ের (২৩) শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় শিলং ও তাঁর সহযোগী একই গ্রামের আরাফাতকে (২৩) গ্রেপ্তার করা হয়।
অভিযানে মোট ২৪ কেজি গাঁজা উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ মাদক নির্মূলে সর্বাত্মক তৎপর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Tag :





















