স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা এখনো দেখছি না: নাহিদ ইসলাম

- প্রকাশের সময় : ০৬:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 19

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। অভ্যন্তরীণ কোন্দলে সরকারদলীয় কয়েক শ মানুষ নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
দুপুরে রাজবাড়ী পৌরসভার হলরুমে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় আঞ্চলিক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক প্রশ্রয় ছাড়া মাদকের সিন্ডিকেট টিকে থাকতে পারে না। তাঁর অভিযোগ, আগে আওয়ামী লীগ মাদক কারবারিদের প্রশ্রয় দিত, এখন বিএনপি দিচ্ছে। এ কারণে পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, মাদক সিন্ডিকেটের সঙ্গে সরকারদলীয় নেতা-কর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে। তাঁদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা না গেলে মাদক নির্মূল করা সম্ভব হবে না।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশও সরকার বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন তিনি।



















