প্রত্যেক মানুষের গড়ে তিনটি রোগের জিনগত ঝুঁকি থাকে: গবেষণা

- প্রকাশের সময় : ০৬:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 12

প্রত্যেক মানুষের শরীরেই বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কিছু জিনগত ঝুঁকি থাকে। নতুন এক গবেষণায় দেখা গেছে, একজন মানুষ গড়ে প্রায় তিনটি সাধারণ রোগের ক্ষেত্রে জিনগত ঝুঁকির দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ১০ শতাংশ মানুষের মধ্যে পড়েন। এসব রোগের মধ্যে রয়েছে ডায়াবেটিস, হৃদ্রোগ ও সিজোফ্রেনিয়ার মতো মানসিক রোগ। তবে জিনগত ঝুঁকি বেশি থাকলেই যে কেউ এসব রোগে আক্রান্ত হবেন, এমন নয়।
যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রায় ১০ লাখ মানুষের জিনগত তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষণার ফল প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘জিনোম মেডিসিন’-এ।
গবেষকেরা ২৮টি সাধারণ রোগের জিনগত ঝুঁকি পরীক্ষা করেন। এতে দেখা যায়, একজন ব্যক্তি গড়ে প্রায় তিনটি রোগের ক্ষেত্রে জিনগত ঝুঁকির দিক থেকে শীর্ষ ১০ শতাংশ মানুষের দলে থাকেন।
গবেষকদের মতে, মানুষ মা-বাবার কাছ থেকে জিন পেয়ে থাকে। এসব জিনের কিছু বৈচিত্র্য নির্দিষ্ট রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। তবে সব জিনগত পরিবর্তন ক্ষতিকর নয় এবং জিনগত ঝুঁকি থাকলেই রোগ হবে, এমন নিশ্চয়তা নেই।
গবেষণার জ্যেষ্ঠ গবেষক ক্যারোলিন রাইট বলেন, সবার শরীরেই রোগের সঙ্গে সম্পর্কিত কিছু জিনগত পরিবর্তন থাকে। কিন্তু এসব পরিবর্তনের কারণে সবাই অসুস্থ হয়ে পড়েন না।
গবেষকেরা আরও জানান, কোনো ব্যক্তির রোগের ঝুঁকি নির্ধারণে শুধু জিনগত পরীক্ষা যথেষ্ট নয়। পারিবারিক রোগের ইতিহাস, শারীরিক অবস্থা এবং পরিবেশগত বিষয়ও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
তবে গবেষণায় ইউরোপীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা বেশি থাকায় অন্যান্য জনগোষ্ঠীর ক্ষেত্রে এসব ফল কতটা প্রযোজ্য, তা বুঝতে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকেরা।























