শেষ অডিও বার্তায় বলেছিলেন ‘আসতেছি’, পরে তুরাগ নদে মিলল তাহসিফের মরদেহ

- প্রকাশের সময় : ০৪:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 3

নিখোঁজ হওয়ার আগে পরিবারের সদস্যদের অডিও বার্তায় ‘রওনা দিয়েছি, আসতেছি’ বলেছিলেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের আর যোগাযোগ হয়নি। পরে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ সূত্রে জানা যায়, তাহসিফ সপরিবার রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নৌ পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় তাঁর বয়স আনুমানিক ২৮ বছর বলে ধারণা করা হয়। পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা। হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। মুখে ছিল হালকা দাড়ি। পকেটে পাওয়া আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। পরে জানা যায়, তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি।

















