মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

- প্রকাশের সময় : ০৬:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 2

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ১৫ নভেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজনের বাস্তবতা বিবেচনায় নিয়ে এ সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে সময়সীমা বাড়ানোর বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়েছে।
বিআরটিএ চেয়ারম্যানের পাঠানো বিবেচ্যপত্রে বলা হয়েছে, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরযানের সংখ্যা প্রায় ৬৮ লাখ। এর মধ্যে প্রায় ৭৪ শতাংশ বা ৫০ লাখই মোটরসাইকেল। এত বিপুলসংখ্যক মোটরসাইকেলে স্বল্প সময়ের মধ্যে সামনের নম্বরপ্লেট সংযোজন করা কঠিন। এ ছাড়া বিষয়টি নিয়ে মোটরসাইকেলের মালিক ও চালকদের মধ্যে নানা আলোচনা ও মতামত উঠে এসেছে।
এর আগে বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগিয়ে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে আরএফআইডি সংবলিত রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। এর ধারাবাহিকতায় সামনের দিকেও নম্বরপ্লেট লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বরপ্লেটে অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমিতে কালো রঙে বাংলা হরফ ও সংখ্যা লিখতে হবে। এতে কোনো অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলে নম্বরটি এক লাইনে সোজাভাবে বসানোর সুযোগ রাখা হয়েছে।
প্রাথমিকভাবে মোটরসাইকেলের মালিকদের নিজ দায়িত্বে নির্ধারিত শর্ত মেনে সামনের নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। তবে নতুন প্রস্তাব অনুমোদিত হলে নম্বরপ্লেট লাগানোর জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাওয়া যেতে পারে।



















