জাবিতে সেশনজট কমাতে ৫৬তম ব্যাচ থেকে সমন্বিত একাডেমিক ক্যালেন্ডারের পরিকল্পনা

- প্রকাশের সময় : ১২:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 24

সেশনজট কমাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার চালুর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে ৫৬তম ব্যাচ থেকে নতুন ব্যবস্থা কার্যকরের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত ক্যালেন্ডার তৈরির জন্য সব বিভাগকে এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ডিনদের কাছে প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের সভাপতিদের সঙ্গে সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
সভায় বিভিন্ন বিভাগের একাডেমিক ক্যালেন্ডার সমন্বয় করে অনুষদভিত্তিক পূর্ণাঙ্গ সময়সূচি তৈরির বিষয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের সেশনজট নিরসনে সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের প্রয়োজনীয়তায় বিভাগের সভাপতিরা একমত হয়েছেন বলে জানান উপাচার্য।
বিভাগগুলোর প্রস্তাব সংশ্লিষ্ট ডিনদের মাধ্যমে একত্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করা হবে। পরে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন ও ইনস্টিটিউটের পরিচালকেরা প্রস্তাবগুলো পর্যালোচনা করে সমন্বিত ক্যালেন্ডার চূড়ান্ত করবেন।
পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রতা কমানোর বিষয়ে উপাচার্য বলেন, ‘আমরা চেষ্টা করছি, শিক্ষার্থীদের যেন পরীক্ষার ফলের জন্য ছয় থেকে আট মাস অপেক্ষা করতে না হয়। একাডেমিক কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন করে ফল প্রকাশে দীর্ঘসূত্রতা কমানো এবং সেশনজট নিরসনে আমরা সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।’
উপাচার্য জানান, নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডারে ভর্তি কার্যক্রম, ক্লাস শুরু ও পরীক্ষা গ্রহণসহ গুরুত্বপূর্ণ একাডেমিক কার্যক্রমের সম্ভাব্য সময়সূচি থাকবে। পাশাপাশি বর্ষভিত্তিক ও সেমিস্টারভিত্তিক পদ্ধতির ভিন্নতা বিবেচনায় নিয়ে আগের ব্যাচগুলোর জন্যও সমন্বিত ক্যালেন্ডার তৈরির পরিকল্পনা রয়েছে।






















