নওগাঁয় ১ হাজার ৫৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
- প্রকাশের সময় : ১০:২৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 9
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৬ হাজার টাকা।
বুধবার (২৬ আগস্ট) রাতে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব পিএসসির নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রাত ১০টা ৪০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭২/৭-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানার নিকেশ্বর ফুটবল মাঠের উত্তর পাশে অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা রাতের আঁধারে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে উদ্ধার করা মাদকদ্রব্য পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।























