প্রতারণার শিকার প্রেমিকার বিষপান, হাসপাতালে রেখে পালিয়েছে প্রেমিক
- প্রকাশের সময় : ০৭:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 133
প্রতারণার শিকার হয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করেছে প্রেমিকা। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে রেখে পালিয়েছে প্রেমিক। গত সোমবার সন্ধ্যার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাল ইউনিয়নের নাদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রেমিকের নাম মোহাম্মদ শান্ত। সে একই গ্রামের আবু তালেবের ছেলে। ভুক্তভোগী প্রেমিকা পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার বাসিন্দা এবং স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত বলে জানা গেছে।
জানা গেছে, প্রায় এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত মোবাইল ফোন ও ভিডিও কলে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। প্রেমিক শান্ত ভিডিও কলের কথোপকথন গোপনে স্ক্রিন শর্ট নিয়ে রাখতো। তা দেখিয়ে তরুণীকে জিম্মি করে শারীরিক সম্পর্কে বাধ্য করতো। পরে তরুণী বিয়ের দাবি জানালে শান্ত তা এড়িয়ে যায়। একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানালে মানসিকভাবে ভেঙে পড়েন ওই ছাত্রী। এরপর অসহায় অবস্থায় প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করেন তিনি। গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন তরুণী জানান, হাসপাতালে ভর্তি রেখে শান্ত ও তার পরিবারের সদস্যরা চলে যান। হয় শান্ত আমাকে বিয়ে করবে, নয়তো আমাকে মরতে হবে। রাস্তা দিয়ে চলাচলের অবস্থা আমার নেই।
স্থানীয় সংবাদকর্মীরা অভিযুক্ত শান্তের বাড়িতে গিয়ে কাউকে পায়নি তার মোবাইল নম্বরও কেউ দেয়নি।
শান্ত’র মামা রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শান্তর সাথে সর্বশেষ সোমবার রাতে যোগাযোগ হয়েছিল। এরপর আর কথা হয়নি। ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি শান্তর মোবাইল নম্বর দিতে অস্বীকৃতি জানান।
পাংশা মডেল থানার ওসি শেখ মইনুল ইসলাম বলেন, ঘটনাটি তারা শুনেছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























